রাজস্থলীতে বিএনপি মনোনীত রাঙামাটি–২৯৯ আসনের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে “রাষ্ট্রগঠনে ৩১ দফা কর্মসূচি” প্রচারে লিফলেট বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজস্থলী হাট বাজারে আয়োজিত এ কর্মসূচিতে পাহাড়ি ও বাঙালি—দুই সম্প্রদায়ের মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। তিনি আশাবাদ ব্যক্ত করেন, রাঙামাটির মানুষ ধানের শীষে ভোট দিলে পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। আওয়ামী লীগের শাসনামলে পাহাড়ে উন্নয়ন নয়, বরং দুর্নীতি ও বৈষম্য বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ও জেলা পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। দীপেন দেওয়ানের সহধর্মিণী মৈত্রি চাকমাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও এতে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট শাসনের ফলে দেশে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের মৌলিক অধিকার দুর্বল হয়েছে। এ পরিস্থিতিতে ৩১ দফা কর্মসূচি জনগণের ক্ষমতায়নের নতুন দিকনির্দেশনা।

লিফলেট বিতরণকে কেন্দ্র করে রাজস্থলী বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। কর্মসূচি শেষে দীপেন দেওয়ান ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং সংক্ষিপ্ত মতবিনিময় করেন।