আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৪৭১ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্যে এই সংখ্যা নিশ্চিত করা হয়।

ইসির তথ্য অনুযায়ী—

পুরুষ ভোটার: ২ লাখ ৩ হাজার ৩৬২ জন
নারী ভোটার: ২০ হাজার ১০৯ জন

সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরবে (৫১,৫৭২ জন)। এরপর যুক্তরাষ্ট্র ১৯,৫৭৮; কাতার ১৩,০৮৯; সংযুক্ত আরব আমিরাত ১২,৪৯২; মালয়েশিয়া ১২,১১৬; সিঙ্গাপুর ১২,১০৬; যুক্তরাজ্য ১১,১৯৬; দক্ষিণ কোরিয়া ৯,৫১০; কানাডা ৯,২৬৯; ওমান ৮,৭০৭; অস্ট্রেলিয়া ৭,৯২৩; ইতালি ৭,৬০৭ এবং জাপানে ৬,৯৬৯ জন নিবন্ধিত হয়েছেন।

প্রবাসীদের সুবিধায় নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এর আগে সময়সীমা ছিল ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপটি উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়। পোস্টাল ব্যালট ব্যবহারের জন্য সংশ্লিষ্ট দেশেই ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে অ্যাপে নিবন্ধন করতে হবে।

নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর— উভয় স্থান থেকেই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করা যাচ্ছে।