মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশিসহ ৮৪৩ অভিবাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেলায়াং বারেরু এলাকায় অবৈধ অভিবাসনবিরোধী এক বৃহৎ অভিযানে একদিনেই ৮৪৩ জন বিদেশিকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৭৯ জন বাংলাদেশি। শনিবার রাতে রাজ্য নিরাপত্তা পরিষদের সমন্বয়ে পরিচালিত অভিযানে মোট ১,১১৬ জনের কাগজপত্র যাচাই করা হয়।
ধরপাকড়ে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৫ জন নারী। সংখ্যায় সবচেয়ে বেশি মিয়ানমারের ৬৪৭ জন; এছাড়া নেপালের ১০২ জন, বাংলাদেশের ৭৯ জন, ইন্দোনেশিয়ার ১৫ জন এবং ভারতের ১০ জন রয়েছেন।
সেলাঙ্গরের মেন্তরি বেসার দাতুক সেরি আমিরুদ্দিন শারির নেতৃত্বে ইমিগ্রেশন বিভাগ, পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগসহ একাধিক সংস্থা যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। তিনি জানান, এলাকায় বিদেশিদের আধিক্য, অবৈধ ব্যবসা এবং নানাবিধ অভিযোগের পরিপ্রেক্ষিতে কঠোর নজরদারি শুরু করা হয়।
আটকদের বিরুদ্ধে পরিচয়পত্রের অনুপস্থিতি, ভিসার শর্ত লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ অবস্থান ও ভুয়া কার্ড ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। তাদের বয়স ২১–৫৩ বছরের মধ্যে।
স্থানীয় নিয়োগকর্তাদের উদ্দেশে মেন্তরি বেসার সতর্কবার্তা দেন—অবৈধ কর্মী নিয়োগ বা আশ্রয় দিলে মালিকসহ সংশ্লিষ্ট সবাইকেই আইনের মুখোমুখি হতে হবে। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ সহ সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










