অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু করলো সিআইডি

নিজস্ব প্রতিবেদন
ঢাকার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই অভ্যুত্থয়ে নিহত ১১৪ অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উত্তোলন শুরু হয়েছে। পরিচয় শনাক্ত ও ডিএনএ পরীক্ষার জন্য আদালতের নির্দেশ অনুযায়ী রোববার (৭ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া শুরু হয়।
পুলিশের সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগত উল্লাহ কবরস্থান পরিদর্শন করে জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুরো উত্তোলন ও নমুনা সংগ্রহ প্রক্রিয়া পরিচালিত হবে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহগুলো পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহত এসব ব্যক্তিকে অজ্ঞাত হিসেবে গত বছর রায়েরবাজারে সমাহিত করা হয়েছিল। পরে মোহাম্মদপুর থানার এসআই মাহিদুল ইসলামের আবেদন বিবেচনায় নিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম ৪ আগস্ট মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।
সিআইডি জানায়, ভবিষ্যতে আইনি পদক্ষেপের স্বার্থে এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা অপরিহার্য। পরিচয় শনাক্ত হলে মরদেহ সংশ্লিষ্ট পরিবারকে হস্তান্তর করা হবে।
উত্তোলন কার্যক্রমে সিআইডির সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞ লুই ফন্দেব্রাইডার নেতৃত্বে নৃবিজ্ঞানী দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। কবরস্থানে অপরাধ দৃশ্য ইউনিট প্রয়োজনীয় সরঞ্জাম, তাঁবু ও সাপোর্ট সিস্টেম স্থাপন করেছে, যাতে প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










