বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্য থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটের পর বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তিনি বাংলাদেশগামী ফ্লাইটে রওনা দেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসা–সংক্রান্ত আলোচনায় অংশ নেবেন। এরপরই নির্ধারিত হবে লন্ডনে নেওয়ার চূড়ান্ত সময়।

তবে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় খালেদা জিয়ার বিদেশযাত্রায় বিলম্ব হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। চিকিৎসকরা উপযুক্ত মনে করলে রোববার (৭ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে।