বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা পরিস্থিতি বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফ দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির পক্ষ থেকে পাঠানো বার্তায় জানানো হয়, দুপুর ১২টায় এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

গত রোববার রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তিনি এখন সিসিইউতে রয়েছেন। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা স্থিতিশীল হলেও সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে।

এদিকে লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রতিনিয়ত চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। ঢাকায় খালেদা জিয়ার পাশে রয়েছেন কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

তাঁর দ্রুত আরোগ্য কামনায় বিএনপির বিভিন্ন শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে দেশের নানা স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।