কামালকে ফিরিয়ে দেবে ভারত, পরিস্কার জানালেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদন
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত শিগগিরই প্রত্যর্পণ করবে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, বিষয়টি তিনি নিশ্চিত হয়েই প্রকাশ করেছেন। তবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ নিয়ে তাঁর কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।
২০১৩ সালের বাংলাদেশ–ভারত প্রত্যর্পণ চুক্তি অনুসারে পলাতক আসামি ফেরত পাঠানোর সুযোগ থাকলেও শর্ত ও আইনি প্রক্রিয়ার কারণে তা সহজ নয়। তবুও প্রেস সচিব সামাজিক মাধ্যমে উল্লেখ করেন, গত ১৫ বছরে সংঘটিত গুম-খুনসহ গুরুতর অপরাধের অভিযোগে কামালকে দেশে ফিরিয়ে আনা হবে।
প্রেস সচিবের বক্তব্যে প্রশ্ন উঠেছে—এটি কি শুধু ব্যক্তিগত মন্তব্য, নাকি সরকারের পরিকল্পিত উদ্যোগের অংশ। তবে শফিকুল আলম পুনর্ব্যক্ত করেছেন, তাঁর তথ্য সম্পূর্ণ জেনে-বুঝেই দেওয়া। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান মনে করেন, কামালকে ফেরত আনার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যদিও একই প্রক্রিয়ায় শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা অনেক কঠিন হবে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










