আজ বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট

নিজস্ব প্রতিবেদন
বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাজারে আনছে নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকার নোট। “বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য” থিমে তৈরি এই নোটে স্বাক্ষর করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। প্রথম দফায় নোটটি ইস্যু হবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে, পরে ধাপে ধাপে অন্যান্য শাখায়ও বিতরণ করা হবে।
নতুন ৫০০ টাকার নোটের সামনে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং পেছনে সুপ্রিম কোর্টের ভবন। ১৫২ মি.মি × ৬৫ মি.মি আয়তনের নোটটিতে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে শাপলা ফুলের নকশা। জলছাপে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ ও ইলেকট্রোটাইপ ‘৫০০’। সবুজের আধিক্য থাকলেও পুরো নোটের রঙ–নকশা আগের তুলনায় আরও আধুনিক ও উন্নত নিরাপত্তাসম্পন্ন।
নোটটিতে যুক্ত করা হয়েছে ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য—
রঙ পরিবর্তনশীল কালি দিয়ে করা ‘500’ লেখা, যা নড়াচড়ায় সবুজ থেকে নীলে বদলে যায়। বাম পাশে ৪ মি.মি. চওড়া লাল নিরাপত্তা সুতা, আলোয় ধরলে স্পষ্ট দেখা যায় ‘৫০০ টাকা’। নড়াচড়ায় লাল অংশ সবুজ হয়ে যায় এবং সোনালি বার রংধনুর মতো ঝিলমিল করে।
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য পাঁচটি উঁচু বৃত্ত।
ইন্টাগ্লিও কালি ব্যবহারে শহীদ মিনার, সুপ্রিম কোর্টসহ কয়েকটি অংশ স্পর্শে উঁচু অনুভূত হয়।
UV আলোতে দৃশ্যমান নকশা, সংখ্যা ও রঙিন ফাইবার। See-through প্রযুক্তিতে আলোর বিপরীতে ধরলে মিলিত হয়ে গঠিত হয় ‘500’। উভয় পাশে UV curing varnish থাকায় নোট চকচকে ও টেকসই। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের পাশাপাশি প্রচলিত সব পুরোনো নোট ও ধাতব মুদ্রা আগের মতোই চালু থাকবে। সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা নোট মিরপুরের টাকা জাদুঘর বিভাগ থেকে পাওয়া যাবে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










