অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে দায়ের করা রিটের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে সরকারের গঠন বৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রাখেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষ যুক্তি দেয়—গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত সরকারের বৈধতা প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সরকার শপথের পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে, সেই আদালতেই ফিরে এসে তার বৈধতা নিয়ে দ্বিধা প্রকাশ করা স্ববিরোধী আচরণ।

অন্যদিকে রিটকারী সিনিয়র আইনজীবী মহসিন রশিদ দাবি করেন—৫ আগস্টের অস্থিরতার সময় তৎকালীন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে অবস্থান করায় সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির রেফারেন্সে মত দেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। ফলে সরকারের শপথ গ্রহণ ও গঠন প্রক্রিয়া বৈধ হয়নি।

এই রিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পক্ষভুক্ত ছিলেন। তবে হাইকোর্ট আগেই রিটটি খারিজ করে দিয়েছিল এবং আপিল বিভাগ সেই রায়ই বহাল রেখেছে।