ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

নিজস্ব প্রতিবেদন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে পরবর্তীতে সে অবস্থান থেকে সরে যাওয়ায় ট্রাইব্যুনাল তাকে তলব করেছিল।
২৩ নভেম্বর সকালে তিনি শেখ হাসিনার পক্ষে ডিফেন্সে দাঁড়ানোর আবেদন করেন, যা পরদিন ট্রাইব্যুনাল-১ গ্রহণ করে এবং তাকে রাষ্ট্রপক্ষের নিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) হিসেবে মনোনীত করা হয়। তবে ২৭ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে পান্না জানান—শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপর আস্থা না রাখায় সেখানে তার পক্ষে লড়াই করা তার কাছে অনৈতিক ও অনুচিত মনে হয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার পক্ষ থেকে আনুষ্ঠানিক নিযুক্তিও এখনো পাননি; তাই সিদ্ধান্ত বদলাতে তিনি স্বাধীন।
এই অবস্থান প্রকাশের পরই ট্রাইব্যুনাল তার বক্তব্যের ব্যাখ্যা চায় এবং হাজিরা দিলে তিনি ক্ষমা চান।
এদিকে, একই ট্রাইব্যুনালে বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। পান্না জানিয়েছেন, তিনি ফজলুর রহমানের পক্ষ হয়ে এ মামলায় সওয়াল করবেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










