‘এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান, চাওয়া মাত্র ইস্যু করা হবে’

নিজস্ব প্রতিবেদন
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। তিনি আবেদন করলেই ট্রাভেল পাস দেওয়া হবে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকার কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি।
তিনি আরও জানান, পরিবার বা দল সিদ্ধান্ত নিলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত। এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থায় বড় পরিবর্তন না এলেও তিনি চিকিৎসা গ্রহণে সক্ষম আছেন বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান।
গত ২৩ নভেম্বর রাতে গুলশানের ফিরোজা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর খালেদা জিয়াকে সেখানে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি ও ফুসফুসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










