বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ-বিদেশ থেকে যে সহায়তা ও শুভকামনা জানানো হচ্ছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

স্ট্যাটাসে তিনি লিখেন, খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে হৃদয়ছোঁয়া শুভকামনা, সহযোগিতা ও দোয়া আসছে—তা জিয়া পরিবার ও বিএনপিকে গভীরভাবে স্পর্শ করেছে। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বন্ধুপ্রতিম ব্যক্তিদের উদ্বেগ–উৎকণ্ঠা, পাশাপাশি দেশবাসীর ভালোবাসা ও দোয়া তাদের জন্য বড় শক্তির উৎস বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান আরও জানান, কঠিন সময়ে জনগণের ঐক্য, সহমর্মিতা ও সংহতি তাদের পরিবারের প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। তিনি মমতাময়ী খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।