বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বিভিন্ন জটিলতা নিয়ে তিনি টানা তিন দিন ধরে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) তার রোগমুক্তির জন্য বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের দোয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে তিনি জানান, মায়ের পাশে থাকার গভীর ইচ্ছা থাকলেও রাজনৈতিক বাস্তবতার কারণে তা তার একার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। পরিস্থিতি অনুকূলে এলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, বন্ধুপ্রতীম কয়েকটি রাষ্ট্র উন্নত চিকিৎসায় সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুক্রবার গভীর রাতে হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নেন। বাইরে থেকে কথা বলার চেষ্টা করলে তিনি নেতাদের চিনতে পারেন এবং সালামের জবাব দেন বলে জানান আব্বাস। তার ভাষ্য—খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়।

জানা গেছে, প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

দলীয় নির্দেশনায় হাসপাতাল এলাকায় ভিড় না করতে বলা হয়েছে।

অন্যদিকে, এনসিপির একটি প্রতিনিধি দল—তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ—হাসপাতালে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।