শেখ হাসিনার প্লট দুর্নীতির মামলার রায় আজ, আদালতে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদন
রাজউকের পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন মামলার রায় আজ (বৃহস্পতিবার) ঘোষণার কথা রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুপুরে এ রায় ঘোষণা করবেন।
রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থার অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে গ্রেফতার একমাত্র আসামি—রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়েছে।
এই তিন মামলায় মোট ৪৭ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। অভিযোগ অনুযায়ী, ধানমন্ডির সুধাসদনে অবস্থানকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব ও প্রভাব ব্যবহার করে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপনের মাধ্যমে তিনি রাজউকের প্লট নেন। একই পদ্ধতিতে প্লট নেন তার ছেলে ও মেয়ে—এমন অভিযোগও মামলায় উল্লেখ রয়েছে।
মামলার শুরু থেকেই শেখ হাসিনা, জয় ও পুতুল পলাতক আছেন।
রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে গত রোববার আদালত আজকের তারিখ নির্ধারণ করেন। অভিযোগ প্রমাণিত হলে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনার কথা জানিয়েছেন দুদকের আইনজীবীরা।
এদিকে, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা পৃথক প্লট দুর্নীতি মামলার রায় ঘোষিত হবে আগামী ১ ডিসেম্বর।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










