লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল–এ যোগ দিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ জন সদস্য চট্টগ্রাম ত্যাগ করেছেন। বুধবার (২৬ নভেম্বর) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের বিশেষ ফ্লাইটে তাদের লেবাননের উদ্দেশে পাঠানো হয়।

বিমানবন্দরে নৌসদস্যদের বিদায় জানান নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের চিফ অব স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলমসহ অন্যান্য কর্মকর্তা। তারা বাংলাদেশ কন্টিনজেন্ট ব্যানকন-১৬ এর সদস্য হিসেবে লেবাননে মোতায়েন নৌজাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এ দায়িত্ব পালন করবেন।

ক্যাপ্টেন আশরাফুল আলম বলেন, নৌসদস্যরা লেবাননের জলসীমায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ প্রতিরোধ, মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও বিমানের নজরদারি এবং দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার কার্যক্রমে কাজ করবেন।

২০১০ সাল থেকে টানা ১৫ বছর ধরে বাংলাদেশ নৌবাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে ইউনিফিলে দায়িত্ব পালন করে আসছে, যা আন্তর্জাতিক শান্তিরক্ষায় দেশের সুনাম আরও বৃদ্ধি করেছে।