বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদার। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে থেকে পর্যবেক্ষণে আছেন।

গত রোববার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে হাসপাতালে আনা হলে মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় টেস্ট ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ সময় লন্ডন থেকে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান মায়ের শারীরিক অবস্থার খোঁজ রাখছেন। ঢাকায় তাঁর পাশে রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

এর আগে, গত ১৫ অক্টোবরও এক দিনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে বিভিন্ন পরীক্ষা করিয়েছিলেন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চক্ষুসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।