বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চেস্ট ইনফেকশনে ভুগছেন, যা ইতোমধ্যে হার্ট ও ফুসফুসেও প্রভাব ফেলেছে—এ তথ্য জানিয়েছেন চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। রোববার (২৩ নভেম্বর) রাতের ব্রিফিংয়ে তিনি জানান, আগামী ১২ ঘণ্টা খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, কতদিন তাকে হাসপাতালে থাকতে হবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না; পরিস্থিতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত হবে। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া এবং সেখানে ভর্তি হয়ে স্বাস্থ্য পরীক্ষা শুরু করেন। এরও আগে গত ১৫ অক্টোবর তিনি একদিনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে নিয়মিত পরীক্ষা করান।