যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদন
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, জনগণের সমর্থন নিয়ে দেশের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের বহিরাগত আগ্রাসন মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি সরকার ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে দ্রুত জবাব দিতে প্রস্তুতি জোরদার করা হচ্ছে।
বাঘাইয়ের ভাষায়, ইরানি জাতি অতীতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান দেখিয়েছে এবং ভবিষ্যতেও সশস্ত্র বাহিনী একইভাবে সক্রিয় থাকবে। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের প্রকাশ্য হস্তক্ষেপমূলক বক্তব্য বড় ভূমিকা রেখেছে।
তিনি জানান, শুরুতে অর্থনৈতিক দাবিনির্ভর শান্তিপূর্ণ প্রতিবাদ যথাযথভাবে মোকাবিলা করা হলেও পরবর্তীতে বিদেশি উসকানি পরিস্থিতিকে সহিংসতার দিকে ঠেলে দেয়। দোকানদারদের সীমিত বিক্ষোভ আন্তর্জাতিক হস্তক্ষেপের কারণে ভাঙচুর ও বিশৃঙ্খলায় রূপ নেয় বলে দাবি করেন তিনি।
ইরানি কর্তৃপক্ষ অর্থনৈতিক দাবির যৌক্তিকতা স্বীকার করলেও অভিযোগ করেছে, বিদেশি মদদপুষ্ট গোষ্ঠী জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রার অবমূল্যায়নকে কাজে লাগিয়েছে। বাঘাই বলেন, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এ বিষয়ে প্রমাণ উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে ইরান।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










