ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ১৯৭৯ সালে যেভাবে ইরানে রাজতন্ত্রের পতন ঘটেছিল, একই পরিণতির মুখে পড়তে পারেন ‘অহংকারী’ ট্রাম্পও। শুক্রবার (৯ জানুয়ারি) ইরানি টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেওয়া এই ভাষণে খামেনি ট্রাম্পকে নিজের দেশের সমস্যায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। তিনি অভিযোগ করেন, কিছু উসকানিদাতা সরকারি স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সন্তুষ্ট করার চেষ্টা করছে।

খামেনি আরও বলেন, বিপুল আত্মত্যাগের মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং যারা এই রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করতে চায়, তাদের কাছে ইরান কখনোই নতিস্বীকার করবে না।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানের নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়ন চালায়, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। পাল্টাপাল্টি এই বক্তব্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে।