বাংলাদেশিরা এখন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ৩ বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন

নিজস্ব প্রতিবেদন
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নীতির আওতায় এবার বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে কেবল তিনটি নির্ধারিত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন—বোস্টন লোগান, নিউইয়র্কের জন এফ. কেনেডি এবং ওয়াশিংটন ডুলস।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ৬ জানুয়ারি ভিসা বন্ডভুক্ত দেশের হালনাগাদ তালিকা প্রকাশ করে, যেখানে বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের নাম রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে। নতুন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য বাংলাদেশিদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত বা ভিসা বন্ড দিতে হতে পারে।
নীতিমালা অনুযায়ী, ভিসার যোগ্যতা থাকলেও কনস্যুলার কর্মকর্তা আবেদনকারীর পরিস্থিতি ও সাক্ষাৎকারের ভিত্তিতে ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলারের বন্ড নির্ধারণ করতে পারবেন। এই অর্থ যুক্তরাষ্ট্র সরকারের অনলাইন পোর্টাল Pay.gov-এর মাধ্যমে জমা দিতে হবে।
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভিসা বন্ড একটি ফেরতযোগ্য জামানত। নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে, ভিসা পেলেও ভ্রমণ না করলে বা প্রবেশে বাধা পেলে জমাকৃত অর্থ ফেরত পাওয়া যাবে। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করলে বা যুক্তরাষ্ট্রে গিয়ে স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করলে এই অর্থ বাজেয়াপ্ত হবে।
যুক্তরাষ্ট্রের ভাষ্য, এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ, যার উদ্দেশ্য হলো ভিসার শর্ত ভঙ্গ করে অবৈধভাবে অবস্থানকারীদের নিরুৎসাহিত করা। তবে এই সিদ্ধান্তে বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা পাওয়া আগের তুলনায় আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠতে পারে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










