ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে আনার গোপন অভিযানে কতজন মার্কিন সেনা অংশ নিয়েছিলেন, সে বিষয়ে প্রথমবারের মতো বিস্তারিত তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (৫ জানুয়ারি) মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানান, অত্যন্ত গোপনীয় এই অভিযানে যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ জন অভিজাত সেনা মোতায়েন ছিল।

ভার্জিনিয়ায় নৌবাহিনীর নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার ‘পিসিইউ জন এফ. কেনেডি’-তে দেওয়া বক্তব্যে হেগসেথ বলেন, অভিযানে সেনাবাহিনীর ডেল্টা ফোর্সের পাশাপাশি এফবিআইয়ের বিশেষ একটি দল সক্রিয়ভাবে অংশ নেয়। সিএনএনের তথ্য অনুযায়ী, পুরো অভিযানটি এতটাই নিখুঁতভাবে পরিচালিত হয় যে মাদুরো ও তার নিরাপত্তা বাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত কিছুই বুঝতে পারেননি।

হেগসেথ জানান, ডাউনটাউন কারাকাসে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত মাদুরোকে সফলভাবে আটক করা হয়। অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি, যা পেন্টাগনের কাছে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও কটাক্ষ করেন।

প্রতিরক্ষা সচিবের ভাষ্য অনুযায়ী, অভিযানের মাত্র কয়েক মিনিট আগেও মাদুরো বুঝতে পারেননি কী ঘটতে যাচ্ছে। এমনকি তার স্ত্রী বিমানের শব্দ টের পেলেও সেটিকে সাধারণ ঘটনা ভেবেছিলেন। বর্তমানে মাদুরো নিউইয়র্কে আদালতের মুখোমুখি হয়ে নিজেকে নির্দোষ দাবি করছেন, তবে পেন্টাগন এই অভিযানকে নজিরবিহীন সফল সামরিক অভিযান হিসেবে তুলে ধরছে।