ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কড়া সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আনোয়ার বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে, যা একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে বেআইনি শক্তি প্রয়োগের শামিল। তার মতে, এমন পদক্ষেপ বৈশ্বিক আইন ও কূটনৈতিক নীতির পরিপন্থী।

তিনি অবিলম্বে মাদুরো দম্পতির মুক্তি দাবি করে সতর্ক করেন যে, বাইরের শক্তির মাধ্যমে কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে জোর করে অপসারণ করা হলে তা আন্তর্জাতিক ব্যবস্থায় বিপজ্জনক নজির তৈরি করবে এবং রাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল সে দেশের জনগণেরই রয়েছে; বিদেশি হস্তক্ষেপ সেই মৌলিক অধিকারকে ক্ষুণ্ন করে।