ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ

নিজস্ব প্রতিবেদন
যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটির রাষ্ট্রক্ষমতায় অস্থায়ী পরিবর্তন এসেছে। সর্বোচ্চ আদালতের নির্দেশে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এক আদেশে জানায়, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ডেলসি রদ্রিগেজ অস্থায়ীভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
আদালত রায়ে উল্লেখ করে, তিনি প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। পাশাপাশি প্রেসিডেন্টের ‘জোরপূর্বক অনুপস্থিতি’ পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার আইনগত কাঠামো নিয়েও পরবর্তী আলোচনা করা হবে বলে জানানো হয়।
এর আগে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হন বলে দাবি করা হয়। ভেনেজুয়েলা সরকার এ ঘটনাকে দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যা দিয়েছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










