যুক্তরাষ্ট্রে মুখোমুখি সংঘর্ষে ২ হেলিকপ্টার বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদন
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের হামোন্টনে আকাশে মুখোমুখি সংঘর্ষে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের ওপর এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, আকাশে থাকা এন্সট্রম এফ-২৮এ ও এন্সট্রম ২৮০সি মডেলের দুটি হেলিকপ্টার পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। প্রতিটি হেলিকপ্টারে একজন করে পাইলট ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে নামতে শুরু করে। মুহূর্তের মধ্যেই ভয়াবহ শব্দে দুর্ঘটনাটি ঘটে, যা স্থানীয়দের আতঙ্কিত করে তোলে।
নিহত ও আহত পাইলট দুজনই স্থানীয়ভাবে পরিচিত ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার সময় আবহাওয়া মোটামুটি স্বাভাবিক ছিল এবং দৃশ্যমানতাও ভালো ছিল।
ঘটনার কারণ জানতে এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করেছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










