ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ।


সোমবার এক্সে দেওয়া বিবৃতিতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) স্পষ্টভাবে জানায়, এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। এর আগে বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, হাদি হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের সহায়তার অভিযোগে পশ্চিমবঙ্গে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে এসটিএফ।


তবে পশ্চিমবঙ্গ পুলিশ জানায়, এমন কোনো অভিযান বা গ্রেপ্তারের ঘটনা ঘটেনি এবং এসব দাবি ভিত্তিহীন। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সন্দেহভাজন দুই আসামি ভারতের মেঘালয় রাজ্যে পালিয়ে গেছে এমন বক্তব্যও নাকচ করেছে মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।


মেঘালয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, এ বিষয়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে তাদের কোনো ধরনের যোগাযোগ হয়নি এবং অভিযুক্তদের সেখানে শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনেও বলা হয়, বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যকে মেঘালয় পুলিশ ‘অসত্য’ ও ‘ভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছে।


সীমান্ত পারাপার, স্থানীয় সহযোগী বা ট্যাক্সিচালকের মাধ্যমে পালানোর যে বর্ণনা দেওয়া হয়েছে, তার পক্ষে কোনো প্রমাণ বা গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি বলে জানায় তারা। সব মিলিয়ে, হাদি হত্যাকাণ্ডে ভারতের কোনো রাজ্যে গ্রেপ্তার বা অবস্থানের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি অস্বীকার করেছে।