বিশ্বে প্রথম ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক

নিজস্ব প্রতিবেদন
ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট টেসলার সিইও ইলন মাস্কের পক্ষে রায় দেওয়ার পর তার সম্পদে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। আদালত জানিয়েছে, ২০২৪ সালে যে রায়ে ২০১৮ সালের বিশাল পারিশ্রমিক প্যাকেজ বাতিল করা হয়েছিল, তা যথাযথ ছিল না এবং এতে মাস্কের প্রতি অবিচার করা হয়েছে।
এই রায়ের ফলে টেসলার প্রায় ১৩৯ বিলিয়ন ডলারের স্টক অপশন ফেরত পান মাস্ক। ফোর্বস বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, এর প্রভাবেই গত শুক্রবার রাতে তার মোট সম্পদ বেড়ে দাঁড়ায় ৭৪৯ বিলিয়ন ডলারে। উল্লেখ্য, ২০১৮ সালের বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছিল।
প্রথমে নিম্ন আদালত ওই চুক্তিকে অতিরিক্ত ও অযৌক্তিক বলে বাতিল করলেও, পরে সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত উল্টে দেয়। এর আগেও চলতি সপ্তাহে স্পেসএক্স শেয়ারবাজারে আসতে পারে এমন খবরে মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের নিট সম্পদের সীমা অতিক্রম করেন।
পাশাপাশি গত নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা তার জন্য প্রায় ১ ট্রিলিয়ন ডলারের একটি দীর্ঘমেয়াদি পারিশ্রমিক পরিকল্পনাও অনুমোদন করেন। ফোর্বসের হিসাবে বর্তমানে ইলন মাস্ক বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি, যার সম্পদ গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের তুলনায় প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










