ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদন
জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কমনওয়েলথ। শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে সংস্থাটির মহাসচিব শির্লে বোচওয়ে এই শোকবার্তা জানান এবং একই সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন।
বিবৃতিতে তিনি বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের মানুষের দুঃখে তিনি অংশীদার এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
কমনওয়েলথ মহাসচিব আইনের শাসন নিশ্চিত করা এবং সাংবাদিকসহ সব নাগরিকের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সহিংসতার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে তিনি সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণা পরিহারের আহ্বানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
এদিকে শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে শহীদ হাদির দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগরে তাকে গুলি করে গুরুতর আহত করা হয়। টানা এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










