ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

নিজস্ব প্রতিবেদন
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (২০ ডিসেম্বর) দেশটির বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করে।
ইরান-ইসরায়েল সাম্প্রতিক ১২ দিনের সংঘাত শেষ হওয়ার পর থেকেই তেহরান গুপ্তচরবিরোধী অভিযান জোরদার করে। ইরানের বিচার বিভাগীয় বার্তাসংস্থা মিজানের খবরে বলা হয়, আঘিল কেশাভার্জ নামের ২৭ বছর বয়সী ওই ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে।
পেশায় তিনি একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার ছিলেন। চলতি বছরের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলের উরমিয়া শহরে সেনা সদর দপ্তরের ছবি তোলার সময় তাকে আটক করা হয়। ইরানি কর্তৃপক্ষ জানায়, জুনের পর থেকে ইসরায়েলি গুপ্তচরদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং একাধিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
শুধু সেপ্টেম্বর মাসেই ১০ জনের ফাঁসি কার্যকর হয় বলে দাবি করা হয়। এর আগে ইরান একে তাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ইসরায়েলি গুপ্তচরের শাস্তি বলে উল্লেখ করেছিল। গত অক্টোবরে ইরান গুপ্তচরবিরোধী আইন আরও কঠোর করে। ওই আইনে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হয়ে কাজ প্রমাণিত হলে বাধ্যতামূলকভাবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে, পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তের ব্যবস্থাও যুক্ত করা হয়।
ইরানি সূত্রের দাবি, দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি এনক্রিপটেড যোগাযোগমাধ্যম ব্যবহার করে মোসাদ ও ইসরায়েলি সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতেন এবং কাজের বিনিময়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পেতেন।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










