ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

নিজস্ব প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। নিউইয়র্কে শুক্রবার (১৯ ডিসেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, মহাসচিব বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড মেনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব পক্ষকে সহিংসতা এড়িয়ে সংযম ও শান্তি বজায় রাখার তাগিদ দেন গুতেরেস।
এর আগে জাতিসংঘ মানবাধিকার কমিশনও ওসমান হাদির হত্যায় উদ্বেগ প্রকাশ করে পৃথক বিবৃতি দেয়। সংস্থাটির প্রধান ফলকার তুর্ক দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের ওপর জোর দেন।
তিনি বলেন, প্রতিশোধমূলক আচরণ পরিস্থিতিকে আরও জটিল করবে এবং নাগরিক অধিকার ক্ষতিগ্রস্ত করবে।
উল্লেখ্য, গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ওসমান হাদি মারা যান।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










