ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০

নিজস্ব প্রতিবেদন
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু হয়েছে। আগুনে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বিষয়টি প্রথম জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।
জাকার্তা পুলিশের প্রধান সুস্যাত্যো পুরনোমো কন্দ্রো জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হলেও ভবনের ভেতরে কেউ আটকা পড়ে আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে ভবনের প্রথম তলায় আগুন লাগে এবং মুহূর্তেই উপরতলায় ছড়িয়ে পড়ে। সেই সময় অনেকে দুপুরের বিরতিতে ভবনের ভেতরে ছিলেন, আবার অনেকে অফিস থেকে বের হতে শুরু করেছিলেন।
কন্দ্রো আরও বলেন, উদ্ধারকাজ চলমান রয়েছে এবং আগুন নেভানোর পর ভবনের ভেতরের অতিরিক্ত তাপও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিকেলের আগ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ২০ জনে গিয়ে দাঁড়িয়েছে।
ওই ভবনে টেরা ড্রোন ইন্দোনেশিয়া নামের একটি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে—যা খনিজ, কৃষি ও অন্যান্য খাতের জন্য আকাশপথে জরিপে ব্যবহৃত ড্রোন সরবরাহ করে। প্রতিষ্ঠানটি জাপানের টেরা ড্রোন করপোরেশনের স্থানীয় শাখা হিসেবে পরিচালিত হয়।
স্থানীয় গণমাধ্যম কম্পাস টিভির ফুটেজে দেখা গেছে—দমকলকর্মীরা আগুনে আটকে পড়া কর্মীদের উদ্ধারে ব্যস্ত, পাশাপাশি লাশের ব্যাগ বহন করে নিচে নামাতেও দেখা গেছে। কয়েকজন কর্মীকে বহনযোগ্য মই ব্যবহার করে উপরতলা থেকে বেরিয়ে আসতে দেখা যায়।
ঘটনার বিষয়ে মন্তব্যের অনুরোধ করা হলেও সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










