৩৩ বছর আগে ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার ঘটনায় উত্তাল হয়েছিল ভারত। একই দিনে এবার বাবরি মসজিদ পুনর্নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা।

পূর্বঘোষণা অনুযায়ী শনিবার রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন ঘিরে ব্যাপক আলোচনা চলছে। তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর এই কর্মসূচিতে নিজের অবস্থান স্পষ্ট রেখে নেতৃত্ব দিচ্ছেন।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই রেজিনগরে মানুষের ঢল নেমেছে। হুমায়ুন কবীর জানিয়েছেন, প্রায় ২৫ বিঘা জায়গাজুড়ে আয়োজিত এ অনুষ্ঠানে তিন লাখ মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৪০ হাজার মানুষের খাবারের প্রস্তুতিও সম্পন্ন করেছেন তিনি। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকেও ধর্মীয় নেতারা উপস্থিত হওয়ার কথা রয়েছে।

তিনি আরও দাবি করেছেন, সৌদি আরব থেকেও কয়েকজন ধর্মগুরু অনুষ্ঠানে যোগ দেবেন। বিপুল জনসমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হুমায়ুন কবীর স্বয়ং তৎপর রয়েছেন এবং পুলিশের সঙ্গে বৈঠকও করেছেন।