এবার চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

নিজস্ব প্রতিবেদন
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। প্রাথমিকভাবে কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) নিশ্চিত করেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান সীমান্তের কাছাকাছি আকচি কাউন্টি এলাকায় ভূমিকম্পটি ঘটে। ভূমিকম্পের উৎস ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
জিনজিয়াং- কিরগিজস্তান সীমান্তবর্তী কিছু এলাকাও ঝাঁকুনি অনুভব করেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। চীনা সংবাদসংস্থা সিনহুয়ার তথ্য মতে, বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত কোথাও হতাহত বা ভবন ধসের ঘটনা নিশ্চিত হয়নি।
আকচি কাউন্টির সড়ক, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা স্বাভাবিকভাবে চলছে বলেও তারা জানিয়েছে। সিইএনসি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৪১.১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮.৪০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










