নিউইয়র্ক সিটির নতুন নির্বাচিত প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির শূন্য হওয়া ‘অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬’-এ প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মেরী জোবাইদা। গত শুক্রবার এস্টোরিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে স্টেট সিনেটর জন লু তার প্রার্থিতায় আনুষ্ঠানিক সমর্থন জানান, যা মেরীর জয়ের সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে বলে স্থানীয়রা মনে করছেন।

সমর্থন ঘোষণা দিতে গিয়ে সিনেটর জন লু বলেন, অভিবাসীবহুল এই জেলার অধিকার রক্ষায় মেরী জোবাইদার মতো অভিবাসী অভিজ্ঞ নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। তিনি ডিস্ট্রিক্টের ভোটারদের জোবাইদাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মেয়র মামদানির পূর্বের এই আসনটিকে কেন্দ্র করে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, আর সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন মেরী জোবাইদা। বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় স্থানীয় অভিবাসী ভোটারদের মধ্যে তিনি ইতোমধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছেন।

প্রচারণায় মেরী জোবাইদা জানান, কমিউনিটি হেলথ আউটরিচ থেকে পাবলিক স্কুল–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তিনি জনগণের কল্যাণে কাজে লাগাতে চান। ২০০১ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে ধাপে ধাপে মূলধারার রাজনীতিতে নিজের জায়গা করে নেওয়া এই নেতা সবার সহযোগিতায় এলাকার উন্নয়ন এবং নাগরিক সেবায় সক্রিয় থাকার প্রতিশ্রুতি দেন।