ইমরান খানের অবস্থান পরিষ্কার করলেন দেশটির সরকার

নিজস্ব প্রতিবেদন
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাঁর জীবন নিয়ে কোনো আশঙ্কা নেই—দেশের সংসদে এমনই আশ্বস্ত করেছেন সংসদবিষয়ক প্রতিমন্ত্রী তারিক ফজল চৌধুরী। তিনি অভিযোগ করেন, ইমরানকে হত্যা করা হয়েছে—এ ধরনের ভুয়া খবর আফগান এবং ভারতীয় কিছু গণমাধ্যমই ছড়িয়েছে।
গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরানের স্বাস্থ্যের অবনতি ও মৃত্যুর গুজব ছড়ালে পিটিআই সংসদ সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন এবং সংসদে হট্টগোল করেন। তাঁরা দাবি তোলেন, পরিবার, আইনজীবী ও চিকিৎসকদের যেন নিয়মিত সাক্ষাতের অনুমতি দেওয়া হয়।
পিটিআইয়ের সংসদীয় নেতা সৈয়দ আলী জাফরও সংসদে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চান। জবাবে প্রতিমন্ত্রী তারিক জানান, ইমরান খান নিরাপদ আছেন এবং কারাগারে তাঁর প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধাই নিশ্চিত করা হয়েছে।
এদিকে, ইমরানের সঙ্গে সাক্ষাতের সময় পুনর্বহালের হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে তাঁর বোন আলেমা খানম আদিয়ালা কারাগারের কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন। সাক্ষাতের অনুমতি না পাওয়ায় সাম্প্রতিক দিনগুলোতে ইমরানের বোন এবং পিটিআই নেতারা একাধিকবার কারাগারের বাইরে অবস্থান কর্মসূচিও পালন করেছেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










