পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে সেনাবাহিনী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে পদচ্যুত করেছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ভিডিওবার্তায় ক্ষমতা দখল এবং প্রেসিডেন্টকে আটক করার ঘোষণা দেন।

সরকারি সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট এমবালো ছাড়াও তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস, সাবেক প্রধানমন্ত্রী ডোমিঙ্গোস পেরেইরা ও স্বরাষ্ট্রমন্ত্রী বটশে কান্ডেকে হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি সেনাপ্রধান জেনারেল বিআগে না এনটান এবং তার ডেপুটি মামাদু টুরেকেও আটক করেছে বিদ্রোহী সেনারা।

অভ্যুত্থানের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে আকাশ, জল ও স্থলপথের সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। চলমান নির্বাচনি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে এবং রাজধানীর বিভিন্ন স্থানে প্রেসিডেন্ট ভবন, নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গোলাগুলির শব্দ শোনা গেছে।

বিকেলে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত হওয়ার বিষয়টি স্বীকার করেন প্রেসিডেন্ট এমবালো।

পর্যবেক্ষকদের ধারণা, কয়েকদিন আগে সংবিধানবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সেনাবাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনার পর থেকেই সরকার ও সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা বেড়ে যায়, যার চূড়ান্ত প্রকাশ ঘটল এই অভ্যুত্থানের মাধ্যমে।

রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল বৃহস্পতিবার প্রকাশ করার কথা থাকলেও অভ্যুত্থানে সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।