পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা, নিহত ৬

নিজস্ব প্রতিবেদন
পাকিস্তানের পেশোয়ারে ফেডারেল কনস্টেবুলারি (এফসি) সদর দপ্তরে ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে সদর–কোহাট রোডে এ বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে।
পাকিস্তানি গণমাধ্যমের বরাতে জানা যায়, প্রথমে সদর দপ্তরের মূল ফটকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। পরে সশস্ত্র হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা অভিযানে তিন হামলাকারীকে গুলি করে হত্যা করে। হামলায় তিন এফসি সদস্য ঘটনাস্থলেই মারা যান এবং আরও দুজন আহত হন।
ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।
এদিকে লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) ও খাইবার টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা এখন স্থিতিশীল।
হামলার উদ্দেশ্য বা এর পিছনে থাকা সংগঠন সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










