শুটিং চলাকালে শরীরে আগুন ধরে আহত আরিফিন শুভ

নিজস্ব প্রতিবেদন
ঢাকার বাইরে চলছে অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’-এর শুটিং। পুরো ইউনিট গোপনে কাজ চালিয়ে যেতে চাইলেও সামাজিক মাধ্যমে ইতোমধ্যে কয়েকটি শুটিং দৃশ্য প্রকাশ পেয়ে গেছে।
এর মধ্যেই শুটিং সেট থেকে আরও উদ্বেগের খবর অ্যাকশন অংশ ধারণ করতে গিয়ে দগ্ধ হয়েছেন নায়ক আরিফিন শুভ। ইউনিটের একাধিক সদস্য জানান, একটি দৃশ্যে শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন ব্যবহারের কথা ছিল। সব প্রস্তুতি ঠিক থাকলেও ক্যামেরা চালু হতেই আগুন হঠাৎ বেড়ে পায়ে লেগে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই শিখা আরও উঁচু হয়ে ওঠে।
শুরুতে শুভ নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন, হাতে থাকা অ্যাকশন প্রপ দিয়েও শিখা থামাতে পারেননি তিনি। একসময় তীব্র তাপে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। তখন ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নেভায়। এতে তার পায়ে দগ্ধচিহ্ন দেখা গেছে।
পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করতে চাইলে শুভই নাকি কাজ থামাতে রাজি হননি। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরদিন নয়, সেদিনই তিনি বাকি দৃশ্যগুলো সম্পন্ন করেন। এখনও পায়ের চোট নিয়েই নিয়মিত শুটিং করছেন তিনি। ঘটনা নিয়ে পরিচালক আনুষ্ঠানিক মন্তব্য না করলেও জানা গেছে, ঈদুল ফিতরে ‘মালিক’ মুক্তির পরিকল্পনা রয়েছে।
ছবিতে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.











