মেডিকেল ও ডেন্টালে ভর্তির তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদন
২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি কলেজে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। আগে নির্ধারিত ৩০ ডিসেম্বরের বদলে এখন ভর্তি কার্যক্রম শুরু হবে ১০ জানুয়ারি থেকে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণেই এই সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অফিস সময়ের মধ্যে সংশ্লিষ্ট সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হতে পারবেন। এর আগে ভর্তি চলার কথা ছিল ৩০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত।
ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও ফলাফল, এসএসসি-এইচএসসির মূল সনদ ও ট্রান্সক্রিপ্ট, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, প্রশংসাপত্র, নাগরিকত্ব সনদ, ছবি এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা সনদ জমা দিতে হবে।
গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রস্তুত করা মেধাতালিকা অনুযায়ী, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৪১ জন এবং সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪০ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
ভর্তি সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীরা চাইলে অনলাইনের মাধ্যমে কলেজ পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। বিধিমালা অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের সুযোগ পাবেন।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










