ঢাকার মোহাম্মদপুরে নিহত মা মালাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজের মরদেহ নাটোরের বড়গাছা গ্রামের বাড়িতে পৌঁছেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে মরদেহ পৌঁছালে পুরো এলাকাজুড়ে শোক নেমে আসে।

নিহত মালাইলা আফরোজ ও নাফিসা আজিজুল ইসলামের স্ত্রী ও কন্যা। ৮ ডিসেম্বর সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—বাড়ির গৃহকর্মী আয়েশা তাদের হত্যা করে নাফিসার স্কুলের পোশাক পরে বাড়ি থেকে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আয়েশা ভুয়া পরিচয়ে গৃহকর্মীর কাজ নেন এবং হত্যার পর ছদ্মবেশে সরে পড়েন। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। আর নিহতের বাবা আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের শিক্ষক।

মরদেহ গ্রামে পৌঁছানোর পর পরিবেশ শোকাবহ হয়ে ওঠে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জোহরের নামাজের পর জানাজা শেষে মা–মেয়েকে দাফন করা হবে।