নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজ আদায়ের সময় হঠাৎ মৃত্যুবরণ করেছে নূরানী হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেন (১২)। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মাদরাসার মসজিদে সেজদার পর শেষ বৈঠকে তার শ্বাসকষ্ট দেখা দিলে সঙ্গে থাকা শিক্ষার্থীরা দ্রুত শিক্ষকদের খবর দেয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরার ফারুক হোসেনের বড় ছেলে আকরাম ইতোমধ্যে ১৫ পারা হিফজ সম্পন্ন করেছিল। একইদিন বিকেলে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুর মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সহপাঠীরা বলেন, আকরাম ছিল সবার প্রাণ। হঠাৎ মৃত্যু তাদের ভেঙে দিয়েছে। শিক্ষকরা জানান, সে অত্যন্ত ভদ্র, ন¤্র এবং মেধাবী শিক্ষার্থী ছিল, খুব শিগগিরই তার হিফজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল।

নিহতের মামা ও মাদরাসা শিক্ষকরা গভীর শোক প্রকাশ করেছেন। চাটখিল থানার ওসি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে জানান, পরিবারের আবেদনে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে, পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।