বলিউডের কিংবদন্তি অভিনেতা ও ‘শোলে’ খ্যাত তারকা ধর্মেন্দ্র আর নেই। ভারতের সংবাদসংস্থা আইএএনএস জানায়, তিনি শনিবার (২৪ নভেম্বর) সকালে মুম্বাইয়ে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

অক্টোবর মাসে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসার পর বাড়িতে ফেরার মাত্র ১২ দিন পরই তাঁর মৃত্যু ঘটে। আগামী ৮ ডিসেম্বর তাঁর ৯০তম জন্মদিন উদযাপনের প্রস্তুতি চলছিল—তার আগেই প্রয়াত হলেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।

১৯৬০ সালে দিল ভি তেরা হুম ভি তেরে চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন ধর্মেন্দ্র। কর্মজীবনের শুরুর দিকে সাধারণ মানুষের জীবনযাপন ও আবেগঘন চরিত্রে অভিনয় করে দ্রুত জনপ্রিয়তা পান। অন্যপধ, বন্দিনী, অনুপমা ও আয়া সাওয়ান ঝুমকে—এই ছবিগুলো তাঁকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়।

পরবর্তীতে তিনি বলিউডের প্রধান নায়কদের একজন হিসেবে প্রতিষ্ঠিত হন। অ্যাকশন, রোমান্স ও কমেডি—সব ঘরানায় সমান দক্ষতার প্রমাণ রেখে যান তিনি। শোলে, ধর্ম বীর, চুপকে চুপকে, মেরা গাঁও মেরা দেশ ও ড্রিম গার্ল—এমন বহু সুপারহিট ছবির মাধ্যমে তিনি ভারতীয় সিনেমার ইতিহাসে স্থায়ী আসন করে নেন।

সর্বশেষ পর্দায় তাঁকে দেখা যায় শাহিদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত তেরি বাতোঁ মেঁ আইসা উলঝা জিয়া চলচ্চিত্রে।

ধর্মেন্দ্র অভিনীত তাঁর পরবর্তী ছবি ইক্কিস, যেখানে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২৫ ডিসেম্বর।

বলিউড এক স্বর্ণযুগের নায়ককে হারাল—এমনটাই বলছেন তাঁর সহকর্মী ও ভক্তরা।