এক বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

নিজস্ব প্রতিবেদন
বগুড়ার শেরপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ায় দুই তরুণ নিহত এবং আরেকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে গাড়ীদহ ইউনিয়নের আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী ব্রিজ ঘাটপার এলাকায়।
নিহতরা হলেন—রামেশ্বরপুর গ্রামের মেহেদি হাসান (২০) ও পৌরশহরের গোসাইপাড়ার সাহাবুল হাসান (২০)। আহত হয়েছেন তাদের সঙ্গী উৎসব চক্রবর্তী (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে তিন আরোহীই গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি ও সাহাবুলের মৃত্যু হয়।
আহত উৎসব জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তারা তিনজনই সম্প্রতি এইচএসসি পরীক্ষা পাস করেছেন।
শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত উৎসব প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











