চুয়াডাঙ্গায় অপচিকিৎসার দায়ে কবিরাজকে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: ডেসটিনি প্রতিনিধি
চুয়াডাঙ্গা পৌর এলাকায় কবিরাজির নামে দীর্ঘদিন ধরে অপচিকিৎসা ও প্রতারণা করার অভিযোগে এক ভুয়া কবিরাজকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তার কাছ থেকে অপচিকিৎসায় ব্যবহৃত বিপুল পরিমাণ কবিরাজি বই ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার(১৩ জুলাই) চুয়াডাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ডের হাজরাহাটি জোয়ার্দার পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো: রিপন হোসেন।
আদালত সূত্র জানায়, অভিযুক্ত রিপন হোসেন দীর্ঘদিন ধরে হাজরাহাটি জোয়ার্দার পাড়া এলাকায় কবিরাজি পেশার আড়ালে সাধারণ মানুষকে বিভিন্ন ধরণের তাবিজ-কবজ, ঝাড়ফুঁকসহ নানাবিধ অপচিকিৎসা দিয়ে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অপরাধ প্রমাণিত হওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীন ওই ভুয়া কবিরাজের আস্তানা থেকে কবিরাজি চিকিৎসার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার ভেষজ ও কথিত ওষুধ, বই এবং অন্যান্য ক্ষতিকর উপকরণ জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম। আদালতের পক্ষ থেকে অভিযুক্ত রিপন হোসেনকে ভবিষ্যতে এ ধরণের অনৈতিক ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
পরবর্তীতে তিনি আর কখনো এই অপচিকিৎসা চালাবেন না মর্মে একটি লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছেন, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে এবং প্রতারণা রোধে জনস্বার্থে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ইউ

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.







