পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রভাব দিনদিন বাড়ছে। ভোরের কনকনে হাওয়া ও অতিরিক্ত আর্দ্রতায় শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, রাতের ঠান্ডা এখন অসহনীয় হয়ে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের শুরুতেই শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগের দুই দিনেও তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে, যা শীতকে আরও প্রকট করেছে।

শীত বাড়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বলছেন, সকালে ঠান্ডা বেশি হওয়ায় ক্রেতা কম আসে। শিক্ষার্থীরা জানাচ্ছেন, ভোরে বাসা থেকে বের হওয়াই কষ্টকর। দিনমজুর ও রিকশাচালকদেরও আয় কমে গেছে, তবুও মোটা কাপড় পরে কাজ করতে হচ্ছে।

স্থানীয় আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, তেঁতুলিয়ায় শীত নেমে গেছে। ডিসেম্বরের শুরুর দিকেই শীত আরও বাড়বে এবং শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।