সৌদি আরবে মৃদু ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদন
সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় হরাত আল-শাকা এলাকায় রিখটার স্কেলে ৩.৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। একই সময়ে প্রতিবেশী দেশ ইরাকে ৫.০৯ মাত্রার তুলনামূলক শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়। শনিবার সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) এসব তথ্য নিশ্চিত করে।
তাদের বরাতে জানা যায়, সৌদির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক কম্পনটি প্রথম শনাক্ত করে। ভূমিকম্পের কেন্দ্র ছিল মদিনার আল-আইস ও তাবুকের উমলুজ গভর্নরেটের মাঝে অবস্থিত আগ্নেয় লাভাক্ষেত্র হরাত আল-শাকার প্রায় ৮৬ কিলোমিটার উত্তর–পশ্চিমে।
একই সূত্র জানায়, ইরাকেও একই সময় একটি ভূমিকম্প রেকর্ড হয়, তবে দুই দেশের কম্পনের উৎস আলাদা। ভূমিকম্প প্রবণ হরাত আল-শাকা সৌদির উল্লেখযোগ্য লাভাক্ষেত্রগুলোর একটি হলেও, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











