মোবাইলফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমিয়েছে এনবিআর

নিজস্ব প্রতিবেদন
সরকার মোবাইল ফোন আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমদানিকৃত মোবাইল ফোনে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় প্রায় ৬০ শতাংশ কম। একই সঙ্গে দেশীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া এ সিদ্ধান্তের ফলে বাজারে বৈধ আমদানি ও স্থানীয় উৎপাদন উৎসাহিত হবে এবং মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে বলে আশা করছে সরকার।
এছাড়া বিটিআরসির নির্ধারিত সময়ের মধ্যে আমদানি করা এবং বর্তমানে ব্যবসায়ীদের কাছে থাকা মোবাইল ফোনগুলোকে কোনো অতিরিক্ত শুল্ক ছাড়াই স্টক-লট হিসেবে বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। এসব হ্যান্ডসেট এনইআইআর সিস্টেমে নিবন্ধনের মাধ্যমে নিয়মিত করা যাবে।
প্রবাসীদের বিষয়টিও মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়েছে। দেশে ফেরার পর তাদের ব্যবহৃত মোবাইল ফোন তিন মাস পর্যন্ত বন্ধ করা হবে না। তিন মাসের কম সময় অবস্থান করলে রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না, আর বেশি সময় থাকলে পরে নিবন্ধন করতে হবে। একই সুবিধা সাময়িকভাবে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
সরকার জানিয়েছে, শুল্ক কমানোর ফলে চলতি অর্থবছরে প্রায় ৩৫ কোটি টাকার রাজস্ব ক্ষতি হতে পারে। তবে অবৈধ মোবাইল আমদানি ও বিক্রি রোধে স্থলবন্দর, বিমানবন্দর, কাস্টমস হাউজ এবং বড় বাজারগুলোতে কঠোর অভিযান চালানো হবে। পাশাপাশি বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

Siam Islam






