কলকাতায় লিওনেল মেসির সফর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শহরজুড়ে উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে তিনি কলকাতায় পৌঁছে নির্ধারিত হোটেলে অবস্থান করবেন। পরদিন ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত ‘গোট কনসার্টে’ অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

লেক টাউন মোড়ের কাছে মেসির ৭০ ফুট উচ্চতার মূর্তি উন্মোচনের পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে পরিবর্তন আনা হয়েছে। সরাসরি উপস্থিত না থেকে তিনি হোটেল থেকে ভার্চ্যুয়ালি মূর্তি উদ্বোধন করবেন। কয়েক বছর আগে একই স্থানে ফুটবল কিংবদন্তি ম্যারাডোনাকে স্মরণীয় অভ্যর্থনা জানানো হয়েছিল এবং তিনি নিজেই উদ্বোধন করেছিলেন নিজের মূর্তি।

এ ছাড়া মেসিকে উপহার দেওয়ার জন্য ১৯১১ সালের ঐতিহাসিক আইএফএ শিল্ড জয়ী মোহনবাগানের জার্সির অনুকরণে বিশেষ সংস্করণ প্রস্তুত করা হয়েছে, যা তার হাতে তুলে দেবে ক্লাব কর্তৃপক্ষ।

কলকাতার কর্মসূচি শেষে সেদিনই মেসি হায়দরাবাদের উদ্দেশে যাত্রা করবেন।