আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিবের ১ কোটি রুপি

নিজস্ব প্রতিবেদন
আবুধাবিতে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল ২০২৫-এর মিনি নিলাম। এবারের নিলামে অংশ নেওয়ার জন্য ১৪টি দেশের মোট ১,৩৫৫ ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৪৫ জনকে রাখা হয়েছে সর্বোচ্চ দুই কোটি রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। এই তালিকায় রয়েছে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের নামও। সাকিব আল হাসানের ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে এক কোটি রুপি।
৩০ নভেম্বর নিবন্ধন শেষ হওয়ার পর আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে তালিকা পাঠিয়েছে। দশটি দলের স্কোয়াডে মোট ৭৭টি স্থান খালি—যার মধ্যে ৩১টি বিদেশি খেলোয়াড়দের জন্য। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন করে ক্রিকেটার রাখতে পারবে। ফ্র্যাঞ্চাইজিগুলো ৫ ডিসেম্বরের মধ্যে নিজেদের পছন্দের ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা পাঠাবে, এরপর আইপিএল সেই অনুযায়ী চূড়ান্ত নিলাম তালিকা প্রস্তুত করবে।
সর্বোচ্চ ভিত্তিমূল্যের বিভাগে ভারতের মাত্র দুইজন—ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই—অন্যদিকে বাকি ৪৩ জনই বিদেশি খেলোয়াড়। এ ছাড়া ১৪টি দেশের ক্রিকেটার এবারের তালিকায় নাম লিখিয়েছেন।
ক্রিকইনফোর বিশ্লেষণে বলা হয়েছে, এই নিলামের সম্ভাব্য প্রধান আকর্ষণ হতে পারেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। গত আসরে চোটের কারণে নিলামে না থাকলেও এবার তাকে দলে নিতে আগ্রহী হতে পারে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। দুটি দলেরই বাজেট হাতে আছে যথাক্রমে ৬৪.৩ ও ৪৩.৪ কোটি রুপি, সঙ্গে রয়েছে বিদেশি খেলোয়াড়ের শূন্যস্থান। বিশেষত আন্দ্রে রাসেলের বিদায়ের পর কলকাতা গ্রিনকে দিয়ে বড় ঘাটতি পূরণের চিন্তা করতে পারে।
অন্যদিকে নিবন্ধন তালিকায় নেই অস্ট্রেলিয়ার তারকা গ্লেন ম্যাক্সওয়েল, যেটা অনেকের জন্যই বড় বিস্ময়।












