বিপিএলে দল বাড়লো, যুক্ত হলো আরও একটি নতুন ফ্র্যাঞ্চাইজি

নিজস্ব প্রতিবেদন
বিপিএলের ১২তম আসর শুরুর আগে আবারও বদল এসেছে আয়োজনে। তিন দফা পেছানোর পর আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের নিলাম, যেখানে প্রথমবারের মতো ড্রাফট নয়—হবে পূর্ণাঙ্গ প্লেয়ার অকশন।
প্রাথমিকভাবে পাঁচ দল নিয়ে টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে যুক্ত হলো নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। সোমবার (২৪ নভেম্বর) রাতে দেশ ট্রাভেলসের মালিকানায় দলটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে বিসিবি। দলের একজন কর্মকর্তা জানান, রাতেই ই-মেইলে নিশ্চিত হওয়া খবরটি আজ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে।
সবকিছু মিলিয়ে বিপিএলের ১২তম আসর এখন ৬ দল নিয়ে ২৬ ডিসেম্বর মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। ফাইনাল হতে পারে আগামী ২৪ জানুয়ারি।
বিপিএলের নিশ্চিত ৬ দল:
1. রংপুর রাইডার্স
2. ঢাকা ক্যাপিটালস
3. সিলেট টাইটান্স
4. রাজশাহী ওয়ারিয়র্স
5. চিটাগং রয়েলস
6. নোয়াখালী এক্সপ্রেস
এবারের ফ্র্যাঞ্চাইজি মালিকানায়ও এসেছে কিছু পরিবর্তন। রংপুর রাইডার্স পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চিটাগং রয়েলসের মালিকানা গেছে ট্রায়াঙ্গাল সার্ভিসের কাছে। নাবিল গ্রুপ নিয়েছে রাজশাহী দল, সিলেট পরিচালনা করবে ক্রিকেট উইথ সামি আর ঢাকা ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











