সংবর্ধনায় তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদন
আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে নগরবাসীর সম্ভাব্য ভোগান্তির জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কোনো কর্মসূচিকে তারেক রহমান সমর্থন করেন না।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনসমস্যা কমাতে রাজধানীর একপাশে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনেই সংক্ষিপ্ত কৃতজ্ঞতা প্রকাশের আয়োজন করা হয়েছে এবং এতে শুধু তারেক রহমানই বক্তব্য দেবেন। নেতাকর্মীদের যাতায়াতে কাঞ্চন ব্রিজ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন। বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা তাকে স্বাগত জানাবেন এবং সেখান থেকে এভারকেয়ার হাসপাতালের পথে সংক্ষিপ্ত সংবর্ধনায় অংশ নেবেন।
অনুষ্ঠান ঘিরে জরুরি সেবার প্রস্তুতিও রাখা হয়েছে। থাকবে মেডিকেল টিম ও ছয় শয্যার একটি ফিল্ড হাসপাতাল, পাশাপাশি বিমানবন্দরের যাত্রীদের সহায়তায় হেল্প ডেস্ক। নগরীর উত্তর ও দক্ষিণে নির্ধারণ করা হয়েছে একাধিক পার্কিং স্থান ও অভ্যর্থনা কেন্দ্র।
সালাহউদ্দিন আহমদ বলেন, এত বড় আয়োজনে সবকিছু শতভাগ নিখুঁত করা কঠিন, তাই তিনি নেতাকর্মীদের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

অফিস ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











